Logo

পে-স্কেল বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন অর্থ উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৭:৪২
পে-স্কেল বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন অর্থ উপদেষ্টা
ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর | ফাইল ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল প্রণয়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী ধাপ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই এগোবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য যে আনুষ্ঠানিক ধাপ রয়েছে, সরকার সেই ধাপগুলো মেনেই কাজ করছে। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে এবং এটি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

ড. তিতুমীর জানান, এ সংক্রান্ত একটি সচিব কমিটি রয়েছে। ওই কমিটি নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক পর্যালোচনা করবে এবং পরবর্তীতে সরকারের কাছে সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত ও বাস্তবায়নের পথ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, পে-স্কেল প্রণয়নের ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করবে সচিব কমিটি। সাধারণত কোনো পে-কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি সেটি বিশ্লেষণ করে এবং বাস্তবায়নযোগ্য সুপারিশ তৈরি করে। এবারও একই নিয়ম অনুসরণ করা হবে।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, সচিব কমিটি পদ্ধতিগতভাবে কাজ শুরু করবে। এরপর তারা যে সুপারিশ দেবে, তার ওপর ভিত্তি করেই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং বিদ্যমান বেতন কাঠামোর সীমাবদ্ধতার কারণে নতুন পে-স্কেলের দাবি জোরালো হয়ে উঠেছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং সচিব কমিটির কার্যক্রম শুরু হওয়ার খবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

তবে বৈঠকে নতুন পে-স্কেলের সম্ভাব্য হার, কবে থেকে তা কার্যকর হতে পারে কিংবা বিদ্যমান বেতনের সঙ্গে কতটা সমন্বয় করা হবে— এ ধরনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সরকার বলছে, সবকিছুই সচিব কমিটির পর্যালোচনা ও সুপারিশের পর নির্ধারিত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD