এপ্রিলের প্রথম ৬ দিনেই রেমিট্যান্স এলো ৬৬ কোটি ডলার

চলতি এপ্রিল মাসের শুরুতেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। মাসের প্রথম ছয় দিনে প্রবাসী বাংলাদেশিরা মোট ৬৬ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ডলারের সমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের এপ্রিলের প্রথম ছয় দিনে দেশে এসেছিল ৫১ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। এর আগে গত মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড গড়েছে।
অন্যদিকে, বছরের শুরুতেও প্রবাসী আয় সন্তোষজনক ছিল। চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার।
বিজ্ঞাপন
বিশ্লেষকরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহ, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখতে এই প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।








