Logo

হরমুজ প্রণালি পার হতে অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল, ২০২৬, ১৬:০৫
হরমুজ প্রণালি পার হতে অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়নি। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালির কাছে জাহাজটি এখনো অবস্থান করছে।

বিজ্ঞাপন

আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি প্রায় ৪০ দিন ধরে ওই অঞ্চলে আটকে ছিল। যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গত বুধবার (৮ এপ্রিল) এটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ৪০ ঘণ্টা ধরে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয়।

শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছালে ইরানি কর্তৃপক্ষ জাহাজটির ট্রানজিট ক্লিয়ারেন্সের আবেদন প্রত্যাখ্যান করে। ফলে জাহাজটি প্রণালী অতিক্রম করতে পারেনি।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানিয়েছেন, বিকল্প কোনো রুট না থাকায় জাহাজটিকে হয়তো আবার কোনো নিরাপদ বন্দরে ফিরে যেতে হবে এবং নতুন করে অনুমতির জন্য অপেক্ষা করতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানি নির্দেশনা অনুযায়ী জাহাজটি ক্লিয়ারেন্স চেয়েছিল, তবে আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।

তিনি বলেন, “কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। জাহাজটি এখনো হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জাহাজটিতে ৩১ জন নাবিক রয়েছেন এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুত আছে। সমুদ্রের পানি লবণমুক্ত করে প্রতিদিন প্রায় ১৮ টন মিঠা পানি উৎপাদন করা সম্ভব হলেও এর জন্য ইঞ্জিন সর্বোচ্চ ক্ষমতায় চালাতে হয়। বর্তমানে পানির ব্যবহার সীমিত করে দৈনিক প্রায় ৬ টনে রাখা হয়েছে।

ক্রুদের মনোবল ধরে রাখতে কর্তৃপক্ষ দৈনিক খাবার ভাতা ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছে। পাশাপাশি তাদের মূল বেতনের সমপরিমাণ অতিরিক্ত যুদ্ধ ভাতাও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিএসসি’র তথ্য অনুযায়ী, জাহাজটি ভারত থেকে যাত্রা করে হরমুজ প্রণালি পেরিয়ে গত ২ ফেব্রুয়ারি পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জাবেল আলী বন্দরে পৌঁছায়।

এর একদিন পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা হামলার ঘটনায় পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে।

১১ মার্চ জাবেল আলীতে পণ্য খালাসের পর জাহাজটির কুয়েতে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে বিএসসি সেটিকে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর একাধিকবার হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেও জাহাজটি নিরাপদ যাত্রার অনুমতি পায়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএসসি’র বহরে যুক্ত হওয়া নতুন জাহাজগুলোর একটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD