Logo

মে মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৬:২১
মে মাসের প্রথম ১০ দিনেই দেশে এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স
ছবি: সংগৃহীত

মে মাসের প্রথম ১০ দিনেই দেশে ১২৮ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে ১২ কোটি ৮০ লাখ ডলার করে পাঠিয়েছেন প্রবাসীরা। মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩০ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা এবং ডলারের বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণের ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি অর্থ পাঠাচ্ছেন।

এর আগে গত এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার। গত বছরের ডিসেম্বরে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের আশা, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থবছরেও প্রবাসী আয় নতুন উচ্চতায় পৌঁছাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD