ঈদুল আজহায় টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপ-শাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
তবে ঈদকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ নির্বিঘ্ন করতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে খোলা থাকবে।
এসব শাখায় অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। আর গ্রাহক লেনদেন কার্যক্রম পরিচালিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বিজ্ঞাপন
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপ-শাখা ও বুথসমূহে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।
আরও পড়ুন: কর আদায় না বাড়লে বাড়বে অর্থনৈতিক চাপ
এ ক্ষেত্রে সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয় নির্দেশনায়।








