সরকারি এলপিজির দাম দ্বিগুণ, ১৮৬০ টাকাতেও আপত্তি ডিলারদের

সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রতি সাড়ে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরও নতুন দাম নিয়ে আপত্তি জানিয়েছেন সরকারি এলপিজি ডিলাররা। দাম বাড়ানোর পর ডিলারদের চাহিদা অনুযায়ী গ্যাস উত্তোলন কমে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে জটিলতা। এতে বিপাকে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এলপি গ্যাস পিএলসি (এলপিজিএল)।
বিজ্ঞাপন
গত ২ নভেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারি এলপিজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করে। একই সময়ে বেসরকারি প্রতিষ্ঠানের সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ২ হাজার ১৪৬ টাকা। অর্থাৎ সরকারি গ্যাসের দাম বেসরকারি গ্যাসের তুলনায় ২৮৬ টাকা কম।
তবে নতুন মূল্য কার্যকর হওয়ার পর থেকেই সরকারি গ্যাস উত্তোলনে অনীহা দেখাতে শুরু করেন ডিলাররা। নির্ধারিত সূচি অনুযায়ী গ্যাস না নেওয়ায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসিকে চিঠি দিয়েছে এলপিজিএল। পাশাপাশি প্রতি সিলিন্ডারের বিপরীতে ১ হাজার ৪ টাকা ৭ পয়সা করে ‘এলপিজি খাত উন্নয়ন তহবিল’ গঠন নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
যেভাবে নির্ধারণ হলো ১ হাজার ৮৬০ টাকা
বিজ্ঞাপন
সরকারি এলপিজির প্রধান উৎস ইস্টার্ন রিফাইনারির উপজাত। এ ছাড়া সিলেট গ্যাস ফিল্ড থেকেও এই গ্যাস সংগ্রহ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ২ নভেম্বর বিইআরসি বিজ্ঞপ্তি দিয়ে সরকারি এলপিজির নতুন মূল্য ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি, ডলার সংকট এবং বেসরকারি ও সরকারি গ্যাসের দামের বড় ব্যবধানের কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। পাশাপাশি সরকারি সিলিন্ডারের অবৈধ ক্রসফিলিং বন্ধ করাও দাম বাড়ানোর অন্যতম উদ্দেশ্য।
বিইআরসির নির্ধারিত মূল্য কাঠামো অনুযায়ী, প্রতি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের রিফাইনারি পর্যায়ের গ্যাসের দাম ৪৮০ টাকা ৭৩ পয়সা। এর সঙ্গে এলপিজি খাত উন্নয়ন তহবিলের জন্য যুক্ত হয়েছে ১ হাজার ৪ টাকা ৭ পয়সা।
বিজ্ঞাপন
এ ছাড়া এলপিজিএলের গ্যাস মজুত ও বোতলজাতকরণ বাবদ চার্জ নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা ২০ পয়সা। সব মিলিয়ে এলপিজিএল পর্যায়ে দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৫ টাকা।
এরপর তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের চার্জ ৩০ টাকা এবং পরিবহন ব্যয় ৬৫ টাকা যোগ হয়ে ডিপো পর্যায়ের মূল্য নির্ধারিত হয়েছে ১ হাজার ৭৪০ টাকা।
ডিপো থেকে ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয় ৫০ টাকা এবং ডিলারদের পরিচালন ব্যয় ও অন্যান্য চার্জ ৭০ টাকা যুক্ত করার পর ভোক্তাপর্যায়ে সিলিন্ডারের চূড়ান্ত মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৬০ টাকা।
বিজ্ঞাপন
গ্যাস উত্তোলন কমিয়েছেন ডিলাররা
নতুন দাম ঘোষণার পর ৩ ও ৪ নভেম্বর নির্ধারিত সূচি অনুযায়ী গ্যাস উত্তোলন করেনি তিন বিপণন কোম্পানি। এ পরিস্থিতিতে গত ৪ নভেম্বর পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠায় এলপিজিএল।
চিঠিতে উল্লেখ করা হয়, বিপিসির নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিটি কোম্পানির প্রতিদিন ১ হাজার ৪২৮টি সিলিন্ডার উত্তোলনের কথা ছিল।
বিজ্ঞাপন
কিন্তু ৩ নভেম্বর পদ্মা অয়েল ৯৯৩টি, মেঘনা পেট্রোলিয়াম ৭১৪টি এবং যমুনা অয়েল ৯৫২টি সিলিন্ডার উত্তোলন করে।
পরদিন ৪ নভেম্বর পদ্মা অয়েল মাত্র ২৩৮টি এবং যমুনা অয়েল ২০০টি সিলিন্ডার নেয়। ওই দিন মেঘনা পেট্রোলিয়াম কোনো গ্যাসই উত্তোলন করেনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হিসাব অনুযায়ী, দুই দিনে তিন প্রতিষ্ঠানের মোট ৮ হাজার ৫৬৮টি সিলিন্ডার উত্তোলনের কথা থাকলেও বাস্তবে নেওয়া হয়েছে মাত্র ৩ হাজার ৯৭টি। ফলে নির্ধারিত পরিমাণের তুলনায় ৫ হাজার ৪৭১টি সিলিন্ডারের গ্যাস অবিক্রীত থেকে যায়।
বিজ্ঞাপন
মজুত সক্ষমতা নিয়ে সংকটের আশঙ্কা
সরকারি এলপিজি বোতলজাত করে সরবরাহের দায়িত্ব পালন করে এলপিজিএল। তবে ডিলার নির্বাচন ও বাজারজাতকরণের কাজ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন পদ্মা, মেঘনা, যমুনা ও এসএওসিএল।
অনিয়ম ও বিভিন্ন অভিযোগের কারণে বর্তমানে এসএওসিএলের ডিলারদের কাছে সরকারি এলপিজি সরবরাহ বন্ধ রয়েছে। এর মধ্যে অন্য তিন বিপণন প্রতিষ্ঠানের ডিলাররাও নির্ধারিত পরিমাণে গ্যাস না নেওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।
বিজ্ঞাপন
বিপণন কোম্পানিগুলোকে পাঠানো চিঠিতে এলপিজিএল জানায়, বিপিসির নির্দেশনা অনুযায়ী আগে থেকেই গ্যাস উত্তোলনের সূচি নির্ধারণ করা হয়। কিন্তু ৩ ও ৪ নভেম্বর নির্ধারিত পরিমাণে গ্যাস না নেওয়ায় ইস্টার্ন রিফাইনারি ও এলপিজিএল প্রান্তে মজুত সক্ষমতা বা স্টোরেজ সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিক্রির দাম বাড়লেও আয় বাড়েনি এলপিজিএলের
সরকারি এলপিজির দাম বাড়ানো হলেও উৎপাদন, মজুত ও বোতলজাতকরণের জন্য এলপিজিএলের নির্ধারিত চার্জ অপরিবর্তিত রয়েছে। প্রতি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের বিপরীতে প্রতিষ্ঠানটির আয় নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা ২০ পয়সা।
বিজ্ঞাপন
এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে পরিচালন ব্যয়, কর্মীদের বেতন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে। কিন্তু নতুন মূল্য নির্ধারণের সময় এসব ব্যয়ের পূর্ণ প্রতিফলন ঘটেনি।
এলপিজিএলের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট ২০ হাজার ৬৭৯ মেট্রিক টন এলপিজি বিক্রি করেছে। এর মধ্যে ১৯ হাজার ৬৬৩ মেট্রিক টন বোতলজাত করে চারটি বিপণন কোম্পানিকে সরবরাহ করা হয়। সশস্ত্র বাহিনীকে দেওয়া হয় ৮৪৭ মেট্রিক টন এবং অবশিষ্ট ১৬৯ মেট্রিক টন বিক্রি করা হয় বাল্ক আকারে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি সরকারি এলপিজির দাম পুনর্নির্ধারণের জন্য বিইআরসির কাছে প্রস্তাব পাঠিয়েছিল এলপিজিএল। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত ওই প্রস্তাবে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৩২ টাকা ৪২ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছিল।
সেখানে গ্যাস মজুত ও বোতলজাতকরণ বাবদ ১৬০ টাকা ২০ পয়সা চার্জ রাখার প্রস্তাবও দেওয়া হয়। বর্তমানে ভোক্তাপর্যায়ে দাম ১ হাজার ৮৬০ টাকা হলেও প্রতিষ্ঠানটির এই চার্জ একই রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলপিজিএলের একাধিক কর্মকর্তা জানান, বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ করতে পারে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান হওয়ায় এলপিজিএলের ক্ষেত্রে এ ধরনের সুযোগ সীমিত। সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার পর প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয়ও বেড়েছে। তাঁদের দাবি, নতুন মূল্য নির্ধারণে বর্ধিত ব্যয়ের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এতে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে পড়তে পারে।
নতুন দাম নিয়ে যা বলছেন সংশ্লিষ্টরা
এলপিজিএলের মহাব্যবস্থাপক (পরিচালনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. ছিদ্দিক হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে বেসরকারির চেয়ে সরকারি এলপি গ্যাসের দাম অনেক কম ছিল। বিইআরসি নতুন করে দাম নির্ধারণ করেছে।’
ডিলারদের গ্যাস উত্তোলন কমিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নতুন দাম বৃদ্ধির পর ৩ ও ৪ নভেম্বর ডিলার পর্যায়ে শিডিউল অনুযায়ী সরবরাহ নেওয়া হয়নি। তবে সেনাবাহিনী শিডিউল অনুযায়ী গ্যাস নিয়ে যাচ্ছে। ডিলাররা না নেওয়ায় আমরা বৃহস্পতিবার অপারেশন কমিয়ে দিয়েছিলাম। যেহেতু সরকারি নির্দেশনা, সেহেতু নির্দেশনা মেনে আমরা বিপণন কোম্পানিগুলোকে গ্যাস সরবরাহ নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। আশা করছি কয়েকদিনের মধ্যে সংকটের সমাধান হয়ে যাবে।’
অন্যদিকে যমুনা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া বলেন, ‘দাম বৃদ্ধির পর প্রথম দুদিন ডিলাররা স্বাভাবিক সরবরাহ না নিলেও এখন তারা সরবরাহ নেওয়া শুরু করেছে। আশা করছি সংকট থাকবে না।’
তিনি আরও বলেন, ‘আমি এলপিজিএলের দায়িত্বে থাকার সময়ে গত ফেব্রুয়ারিতে দাম বাড়ানোর প্রস্তাব করেছিলাম। এখন দাম বাড়িয়েছে। এতে বেসরকারির সঙ্গে সরকারি গ্যাসের মূল্য কাছাকাছি থাকবে।’
তবে সরকারি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এলপিজি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ উর রহমান। তিনি বলেন, ‘সরকারি গ্যাস হচ্ছে গরিবের গ্যাস। এগুলো কম আয়ের ভোক্তাদের উপকারে আসে। দেশের মোট চাহিদার এক শতাংশেরও কম সরকারি গ্যাস। সরকারি গ্যাসের দাম বাড়িয়ে বেসরকারিগুলোকে মনোপলি করার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন
ক্রসফিলিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু অসৎ ব্যবসায়ীর জন্য সবাইকে মন্দ বলার সুযোগ নেই। সারাদেশে বেসরকারিতে পাঁচ কোটি সিলিন্ডার রয়েছে। কিন্তু এলপিজিএলের সরকারি সিলিন্ডার রয়েছে সাড়ে চার লাখ। এর মধ্যে সাড়ে তিন লাখ ড্যামেজ হয়ে গেছে। বাকি এক লাখের মধ্যে ৫০ হাজার সিলিন্ডার লিকেজ। নতুন ৩০ হাজার সিলিন্ডার রয়েছে, যেগুলো রংচং করা। সরকারের উচিত বাজারে সরকারি গ্যাসের সরবরাহ বাড়ানো। এতে বেসরকারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি হবে।’
তবে সরকারি গ্যাসের বাজারজাতকরণ ও সরবরাহ নিয়ে ভিন্ন চিত্রও সামনে এসেছে। ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সরকারি এলপিজিকে নিম্ন আয়ের মানুষের জ্বালানি হিসেবে উল্লেখ করলেও বাজারে এসব সিলিন্ডারের প্রাপ্যতা অত্যন্ত সীমিত বলে অভিযোগ রয়েছে। মোট চাহিদার এক শতাংশেরও কম সরকারি গ্যাসের অংশ থাকলেও বাজারে তার উপস্থিতি আরও কম। অভিযোগ রয়েছে, কিছু ডিলার কম দামে সরকারি গ্যাস সংগ্রহ করে তা অন্য সিলিন্ডারে ভরে বেশি দামে বিক্রি করেন। এ ধরনের ক্রসফিলিং বন্ধ করতেই এবার মূল্যবৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বিইআরসির উপপরিচালক (ট্যারিফ) কামরুজ্জামান বলেন, ‘বিইআরসির টেকনিক্যাল কমিটির প্রস্তাব এবং শুনানির সিদ্ধান্ত অনুসারে ‘এলপিজি খাত উন্নয়ন তহবিল’ সৃষ্টি করা হয়েছে। এখন এটির জন্য নীতিমালা করা হবে। দাম কম থাকায় সরকারি গ্যাসের সঠিক মূল্য পাওয়া যেত না। এখন সরকারি গ্যাসের সঠিক দাম নিশ্চিত হবে।’
সরকারি এলপিজির মূল্যবৃদ্ধির পর ডিলারদের অনীহা, মজুত ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ এবং প্রতিষ্ঠানটির আয়-ব্যয়ের অসামঞ্জস্য—সব মিলিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের আশা, বিপণন কোম্পানিগুলো নিয়মিত গ্যাস উত্তোলন শুরু করলে সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।








