বিশ্ববাজারে সোনার দামে বড় উত্থান, দেশে এখন ভরি কত?

আন্তর্জাতিক বাজারে আবারও চড়েছে সোনার দাম। এক লাফে মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। এতে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে ৪ হাজার ১২৯ ডলার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার প্রভাবে বিশ্ববাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) সকালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মেয়াদি সোনার ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৩৯ ডলারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এসব বিষয় মিলেই সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনা চলতে থাকায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও কিছুটা কমেছে।
বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। সোনা থেকে বিনিয়োগকারীরা সরাসরি কোনো সুদ পান না। তাই সুদের হার কমার প্রত্যাশা সাধারণত সোনার বাজারের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হয়।
সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানসংক্রান্ত তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।
বিজ্ঞাপন
সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রূপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।
দেশের বাজারে সোনার বর্তমান দাম কত?
বিশ্ববাজারে দাম বাড়লেও দেশের বাজারে এখনো নতুন করে সোনার দাম সমন্বয় করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞাপন
সর্বশেষ গত শুক্রবার (৬ নভেম্বর) সোনার দাম সমন্বয় করে বাজুস। টানা তিন দফা দাম বাড়ানোর পর সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। এতে এই মানের সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম:
২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা,
বিজ্ঞাপন
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
বিশ্ববাজারে সোনার দামে উল্লেখযোগ্য উল্লম্ফনের কারণে বাংলাদেশের বাজারেও নতুন করে দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাজুসের নতুন ঘোষণা না আসা পর্যন্ত আগের নির্ধারিত দামেই সোনা কেনাবেচা হবে।







