ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২,১৮৫ কোটি টাকা

আগামী সপ্তাহে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছরের মতো এবারও বেশি অর্থ পাঠাচ্ছেন। এর ফলে চলতি মে মাসে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যা প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)। এর মানে, প্রতি দিন গড়ে দেশে আসছে এক হাজার ৬০৯ কোটি টাকার বেশি রেমিট্যান্স।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান, বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর জন্য প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং সেবার উন্নয়ন রেমিট্যান্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঈদুল আজহার সময় এ প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করছেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে আসে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: টানা ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম
এছাড়া ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার, জানুয়ারিতে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স।
সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
বিজ্ঞাপন








