আইএমএফের কাছে নতুন করে আবারও আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ

দেশের চলমান অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতুন করে আর্থিক সহায়তার আবেদন করেছে বাংলাদেশ। বুধবার (৩ জুন) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনার জানান, নতুন অর্থায়নের অনুরোধকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে অনুমোদিত আইএমএফ-সমর্থিত কর্মসূচির আওতায় এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি হিসেবে কাজ করেছে।
বিজ্ঞাপন
তবে ওই সময়ের পর দেশের সামষ্টিক অর্থনীতি ও রাজনৈতিক বাস্তবতায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে ব্যাংক খাতের দুর্বলতা এবং রাজস্ব আহরণে ঘাটতি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
আইএমএফ জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এবং নতুন সরকারের অগ্রাধিকার বিবেচনায় রেখে সম্ভাব্য নতুন একটি কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। তবে যেকোনো নতুন ঋণ কর্মসূচির ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক অর্থপ্রবাহের প্রয়োজন, শক্তিশালী নীতিগত প্রতিশ্রুতি এবং সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি আইএমএফের নির্বাহী বোর্ডে উপস্থাপন করা হবে।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ৩ জুন ২০২৬
বিজ্ঞাপন
সংস্থাটি আরও জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা, নীতিগত অগ্রাধিকার নির্ধারণ এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মূল্যায়নে একটি স্টাফ ভিজিটের প্রস্তুতি চলছে। সম্ভাব্য নতুন অর্থায়ন কর্মসূচির পরিধি ও শর্তাবলি নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তী মিশনে হবে।
আইএমএফ বলেছে, টেকসই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক খাতের সক্ষমতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে তারা সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।








