হঠাৎ একযোগে বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।
বিজ্ঞাপন
পদত্যাগকারী কমিশনাররা হলেন মো. মোহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ৩ জুন ২০২৬
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বিভিন্ন সময়ে তারা কমিশনে নিয়োগ পান। খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে পর্যায়ক্রমে অন্য কমিশনাররাও দায়িত্বে যোগ দেন।
বিজ্ঞাপন
এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেন। ওই ঘোষণার পরপরই চেয়ারম্যান ও কমিশনারদের এই পদত্যাগের ঘটনা সামনে এলো।
এদিকে বিএসইসির শীর্ষ কর্মকর্তাদের একযোগে পদত্যাগের খবর পুঁজিবাজারসংশ্লিষ্ট মহল, বিনিয়োগকারী এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারী ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এ দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধসহ নানা কর্মসূচিও পালন করা হয়।








