বাজেটের পরও স্থিতিশীল সবজির বাজার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরদিন রাজধানীর সবজির বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। অধিকাংশ সবজি আগের সপ্তাহের দামের কাছাকাছিই বিক্রি হচ্ছে। বর্তমানে বাজারে বেশিরভাগ সবজির দাম প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। মৌসুম না থাকায় টমেটোর দাম সবচেয়ে বেশি, যা ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা, শসা ১০০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, পটল ৬০ টাকা এবং ঝিঙা ৬০ টাকায়।
এ ছাড়া বরবটি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ আকারভেদে ৭০ থেকে ৮০ টাকা প্রতি পিস, কাঁচা কলা প্রতি হালি ৫০ টাকা এবং জালি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাঁচা মরিচের দাম রয়েছে প্রতি কেজি ১২০ টাকা।
বিজ্ঞাপন
সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, বাজেট ঘোষণার পরদিন বাজারে এসে তিনি সবজির দামে কোনো পরিবর্তন দেখেননি। অধিকাংশ সবজি আগের মতোই ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কেবল কয়েকটি পণ্যের দাম ১০০ টাকার বেশি।
বাড্ডার একটি বাজারে কেনাকাটা করতে আসা আরেক চাকরিজীবী সুলতান আহমেদও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির বাজারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। বাজেট ঘোষণার প্রভাব এখনও বাজারে পড়েনি।
বিজ্ঞাপন
রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলীর ভাষ্য, মাসের শুরুতে সবজির দাম তুলনামূলক বেশি থাকলেও গত এক সপ্তাহ ধরে বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। অধিকাংশ সবজি ৫০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না থাকায় টমেটো ও শসার দাম এখনও বেশি। বর্তমানে টমেটো ১২০ টাকা এবং শসা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তিনি জানান, অন্যান্য সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে এবং গত সপ্তাহজুড়ে বাজার মোটামুটি একই অবস্থায় রয়েছে।








