Logo

১৭ দিনে দেশে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২৬, ১৮:৫৯
১৭ দিনে দেশে এলো ১৮২ কোটি ডলার রেমিট্যান্স
ছবি: সংগৃহীত

চলতি জুন মাসের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবাহ দেখা গেছে। এ সময়ে মোট রেমিট্যান্স এসেছে ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড় হিসেবে প্রায় ১০ কোটি ৬৮ লাখ ডলারের সমান। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৫ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবাহ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫৭ কোটি ৩০ লাখ ডলারে, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ১০ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ডে রয়েছে। এর আগে এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে রেকর্ড সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স।

এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ও ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার প্রবাসী আয় দেশে আসে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD