যে হারে ছয় মাস মিলবে সঞ্চয়পত্রের মুনাফা

সরকার আগামী জুলাই থেকে ডিসেম্বর—এই ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত বিভিন্ন সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন করে কোনো পরিবর্তন না এনে আগের নির্ধারিত হারেই মুনাফা পাবেন সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা। স্কিমভেদে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত বহাল থাকবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
সহকারী সচিব ফারহানা জাহান উপমা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে সুদহার কার্যকর ছিল, তা একই শর্তে আগামী জুলাই থেকে ডিসেম্বর মেয়াদেও বহাল থাকবে। এই সিদ্ধান্ত ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হবে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বছরে দুই দফায় সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হয়। প্রথম মেয়াদ থাকে জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় মেয়াদ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। তবে চলতি বছরে দ্বিতীয়বারও মুনাফার হারে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া হারই অব্যাহত থাকছে।
এর আগে চলতি বছরের শুরুতে পাঁচটি সঞ্চয় স্কিমের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সিদ্ধান্ত ঘোষণার কয়েক দিনের মধ্যেই তা প্রত্যাহার করে পূর্বের হার পুনর্বহাল করে সরকার। এবারও সেই হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান নীতিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণিতে রয়েছেন ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা এবং দ্বিতীয় শ্রেণিতে রয়েছেন এর বেশি অর্থ বিনিয়োগকারীরা। উভয় শ্রেণির জন্য স্কিমভেদে মুনাফার হারে সামান্য পার্থক্য রয়েছে।
বিজ্ঞাপন
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম শ্রেণির বিনিয়োগকারীরা প্রথম বছর ৯.৭৪ শতাংশ, দ্বিতীয় বছর ১০.২১ শতাংশ, তৃতীয় বছর ১০.৭২ শতাংশ, চতুর্থ বছর ১১.২৬ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৮৩ শতাংশ হারে মুনাফা পাবেন। একই স্কিমে দ্বিতীয় শ্রেণির বিনিয়োগকারীদের জন্য যথাক্রমে ৯.৭২, ১০.১৯, ১০.৭০, ১১.২৩ এবং ১১.৮০ শতাংশ মুনাফা নির্ধারিত রয়েছে।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম শ্রেণির বিনিয়োগকারীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে ১০.৬৫, ১১.২২ এবং ১১.৮২ শতাংশ মুনাফা পাবেন। দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে এই হার ১০.৬০, ১১.১৬ এবং ১১.৭৭ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্রে প্রথম শ্রেণির বিনিয়োগকারীদের জন্য প্রথম থেকে পঞ্চম বছরে মুনাফার হার যথাক্রমে ৯.৮৪, ১০.৩২, ১০.৮৪, ১১.৩৯ এবং ১১.৯৮ শতাংশ। দ্বিতীয় শ্রেণির বিনিয়োগকারীদের জন্য প্রথম বছরে ৯.৭২, দ্বিতীয় বছরে ১০.১৯, তৃতীয় বছরে ১০.৮৪, চতুর্থ বছরে ১১.৩৯ এবং পঞ্চম বছরে ১১.৯৮ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রথম শ্রেণির বিনিয়োগকারীরা প্রথম বছরে ৯.৮১ শতাংশ, দ্বিতীয় বছরে ১০.২৯ শতাংশ, তৃতীয় বছরে ১০.৮০ শতাংশ, চতুর্থ বছরে ১১.৩৫ শতাংশ এবং পঞ্চম বছরে ১১.৯৩ শতাংশ মুনাফা পাবেন। দ্বিতীয় শ্রেণির বিনিয়োগকারীদের জন্য হার যথাক্রমে ৯.৭২, ১০.১৯, ১০.৭০, ১১.২৩ এবং ১১.৮০ শতাংশ।
এ ছাড়া পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমেও আগের হার বহাল রাখা হয়েছে। প্রথম শ্রেণির বিনিয়োগকারীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে ১০.৬৫, ১১.২২ ও ১১.৮২ শতাংশ মুনাফা পাবেন। দ্বিতীয় শ্রেণির বিনিয়োগকারীদের জন্য এ হার নির্ধারণ করা হয়েছে ১০.৬০, ১১.১৬ এবং ১১.৭৭ শতাংশ।
বিজ্ঞাপন
সরকারের সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য আগামী ছয় মাসে মুনাফার হারে কোনো পরিবর্তন আসছে না। ফলে বিদ্যমান শর্ত ও হারে বিনিয়োগ থেকে আগের মতোই রিটার্ন পাওয়া যাবে।








