Logo

ডিমের বাজারে অস্থিরতা, চড়া মাছের বাজার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ জুলাই, ২০২৬, ১২:১৮
ডিমের বাজারে অস্থিরতা, চড়া মাছের বাজার
ছবি: সংগৃহীত

রাজধানীর খুচরা বাজারে গরুর মাংস ও ব্রয়লার মুরগির দামে বড় কোনো পরিবর্তন না এলেও বেড়েছে ডিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে প্রায় ১০ টাকা। পাশাপাশি অধিকাংশ মাছের উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের স্বস্তি মিলছে না। বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকায় এবং ব্রাউন ডিমের ডজন ১৩৫ টাকায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা যায়, গত সপ্তাহে যেখানে ফার্মের ডিম ১২০ থেকে ১২৫ টাকা ডজনে বিক্রি হচ্ছিল, এখন তা বেড়ে ১৩৫ টাকায় পৌঁছেছে। অন্যদিকে গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম তুলনামূলক বেশি। মানভেদে চিংড়ি ৬০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ট্যাংরা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৩০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইন ৬০০ থেকে ৮০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইলিশের দাম এখনও বেশ চড়া। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। আর এক কেজি ওজনের ইলিশের দাম ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। তবে চাষের কই, তেলাপিয়া, পাঙাশ ও মাঝারি আকারের রুই মাছের দাম তুলনামূলক স্বাভাবিক রয়েছে। চাষের শিং মাছের কেজি ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি রুই ৩০০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে কেজিপ্রতি এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।

মুরগির বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায় এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

রায়েরবাজারের এক ক্রেতা রমিজ উদ্দিন বলেন, মাছের দাম আগের মতোই বেশি। তাদের মতো সাধারণ ক্রেতারা মূলত পাঙাশ ও তেলাপিয়াই কেনেন। কিন্তু পাঙাশের দামও এখন ২০০ টাকার নিচে নয়। তিনি জানান, ব্রয়লার মুরগির কেজিও ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বেশ চাপের।

মাছ বিক্রেতা মুকুল বলেন, মাছের দাম দিনে একাধিকবার পরিবর্তন হতে পারে। কখনও ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত ওঠানামা করে। তবে গত কয়েক মাসে বাজারে বড় ধরনের পরিবর্তন হয়নি। চিংড়ি, রূপচাঁদা, শোল ও বড় রুইয়ের মতো মাছের দাম সবসময়ই তুলনামূলক বেশি থাকে, কারণ এসব মাছ সাধারণত বেশি ক্রয়ক্ষমতাসম্পন্ন ক্রেতারাই কিনে থাকেন।

ডিম ব্যবসায়ী মাসুম জানান, গত সপ্তাহের তুলনায় প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা বেড়েছে। বর্তমানে সাদা ব্রয়লার ডিম ১২৫ টাকা এবং ব্রাউন ডিম ১৩৫ টাকা ডজনে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD