টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, কাঁচামরিচের কেজি ২০০ টাকা

টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। সরবরাহে বিঘ্ন ঘটায় এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অল্প কয়েকটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজির দামই এখন ১০০ টাকার কাছাকাছি বা তার বেশি। ভালো মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা বলেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি পরিবহনে বিলম্ব হচ্ছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
এ ছাড়া ভারী বর্ষণে অনেক এলাকায় সবজির খেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাজারে সরবরাহ সংকট আরও তীব্র হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমানে রাজধানীর বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ থেকে ১২০ টাকায়। করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কাঁচামরিচের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। কয়েক দিন আগে ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন সাধারণ মানের ১৬০ থেকে ১৮০ টাকা এবং ভালো মানের ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। গাজরের কেজি ১৬০ টাকা।
রাজধানীর এক সবজি বিক্রেতা জানান, টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতির প্রভাবও বাজারে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ধীরে ধীরে দাম কমতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
ক্রেতা আনিসুজ্জামান বলেন, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার করা আরও কঠিন হয়ে পড়েছে।








