Logo

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১১:৫২
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য হ্রাস পাওয়ায় নতুন করে সোনার গহনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন মূল্যতালিকা অনুযায়ী, সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার গহনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার গহনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে সোনার মূল্য সমন্বয় করে থাকে বাজুস।

সাম্প্রতিক সময়ে সোনার দামে একাধিকবার পরিবর্তন এসেছে। বাজার পরিস্থিতি, কাঁচামালের মূল্য এবং স্থানীয় পর্যায়ে তেজাবী সোনার দামের পরিবর্তনের ভিত্তিতেই এসব সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন মূল্য কার্যকর হওয়ায় দেশের স্বর্ণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে সোনার দামে আবারও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD