Logo

নতুন অর্থবছরের শুরুতেই কমেছে রপ্তানি আয়, ধাক্কায় পোশাক খাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট, ২০২৬, ১৯:৩২
নতুন অর্থবছরের শুরুতেই কমেছে রপ্তানি আয়, ধাক্কায় পোশাক খাত
ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরের প্রথম মাসেই রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধির মুখে পড়েছে বাংলাদেশ। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই মাসে দেশের মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ০.৯০ শতাংশ। একই সঙ্গে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী তৈরি পোশাক (আরএমজি) খাতেও রপ্তানি আয় হ্রাস পেয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ মোট ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরের একই মাসে এ আয় ছিল ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ০.৯০ শতাংশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, অর্থবছরের শুরুতেই রপ্তানি আয়ে এই নিম্নমুখী প্রবণতা দেশের বৈদেশিক বাণিজ্যের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে বৈশ্বিক বাজারের চাহিদা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি সংকটের মতো নানা কারণ রপ্তানি কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক শিল্পও জুলাই মাসে ইতিবাচক অবস্থানে থাকতে পারেনি। এ সময়ে আরএমজি খাত থেকে মোট ৩ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যা আগের বছরের একই মাসে ছিল ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এ খাতে রপ্তানি আয় কমেছে ১.৯২ শতাংশ।

বিজ্ঞাপন

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিটওয়্যার পণ্য রপ্তানি থেকে জুলাইয়ে আয় হয়েছে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময় এ আয় ছিল ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। ফলে এ উপখাতে রপ্তানি কমেছে ০.৯০ শতাংশ।

অন্যদিকে, ওভেন বা বোনা পোশাক রপ্তানিতেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। জুলাই মাসে এ খাত থেকে আয় হয়েছে ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩.১৬ শতাংশ কম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রপ্তানি সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশের ধীরগতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং শিল্পখাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রভাব রপ্তানিতে প্রতিফলিত হতে শুরু করেছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী মাসগুলোতেও রপ্তানি প্রবৃদ্ধির ওপর চাপ অব্যাহত থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং রপ্তানিকারকদের জন্য সহায়ক নীতিমালা কার্যকর করা এখন সময়ের দাবি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD