২২ দিনে রেমিট্যান্স ছাড়াল ২১৪ কোটি ডলার

চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে এ অর্থের স্থানীয় মূল্য দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা।
বিজ্ঞাপন
রবিবার (২৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২১৪ কোটি ৮০ লাখ ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে ৪৩ কোটি ৭০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। শতাংশের হিসাবে এই প্রবৃদ্ধি প্রায় ২৫ দশমিক ৫২ শতাংশ।
বিজ্ঞাপন
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।
সে হিসাবে অর্থবছরের শুরু থেকে চলতি বছরের ২২ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলার। প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।
ব্যাংকাররা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।








