দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে বাজুস। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে সারাদেশের জুয়েলারি দোকানে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমেছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন মানের সোনার নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা দরে।
বিজ্ঞাপন
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
বাজুস বলেছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও তৈরির ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই। পাশাপাশি নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্ববর্তী নিয়ম বহাল থাকবে।
বিজ্ঞাপন
এর আগে সর্বশেষ ৩ সেপ্টেম্বর সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দামও সকাল ১০টা থেকে কার্যকর হয়।
৩ সেপ্টেম্বর নির্ধারিত দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ছিল ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ১১২ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৬ দফা দাম বাড়ানো, ৫৫ দফা কমানো এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম কমলেও রুপার বাজারদরে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।
চলতি বছর এ পর্যন্ত রুপার দাম ৬৮ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বেড়েছে এবং ৩৩ দফা কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই সময় দাম ১০ বার বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।








