Logo

সোমবার থেকে আমানতের টাকা ফেরত দিবে সম্মিলিত ইসলামী ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:০০
সোমবার থেকে আমানতের টাকা ফেরত দিবে সম্মিলিত ইসলামী ব্যাংক
ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে টাকা উত্তোলনের আবেদন নেওয়া হলেও এরই মধ্যে ২৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

বিজ্ঞাপন

রবিবারও (৬ সেপ্টেম্বর) আবেদন করার সুযোগ থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আবেদন গ্রহণ শেষে গ্রাহকের চূড়ান্ত সংখ্যা এবং তাদের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে। এরপর সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জাগো নিউজকে বলেন, ক্ষুদ্র আমানতকারীদের মধ্যে কতজন অর্থ উত্তোলন করতে চান এবং তাদের জন্য মোট কত অর্থের প্রয়োজন হবে, তা নির্ধারণের জন্য ১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া হচ্ছে। এখনো চূড়ান্ত হিসাব হয়নি। তবে প্রাথমিকভাবে আবেদনকারীর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, প্রতিদিন পাওয়া আবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় অর্থের হিসাব চূড়ান্ত করা হবে। এরপর মোট অর্থের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিয়ে সোমবার থেকেই আমানতকারীদের টাকা দেওয়া শুরু হবে।

একসঙ্গে ব্যাংকে ভিড় না করার অনুরোধ

বিজ্ঞাপন

অর্থ উত্তোলনের সময় ব্যাংক শাখাগুলোতে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব গ্রাহকের তাৎক্ষণিক অর্থের প্রয়োজন নেই, তাদের প্রথম দিনেই ব্যাংকে না গিয়ে পরবর্তী সময়ে আসতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, সবাই একই সময়ে টাকা তুলতে শাখায় উপস্থিত হলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পর্যায়ক্রমে অর্থ উত্তোলনের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে। ফলে এ নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিজ্ঞাপন

আবেদন করেও টাকা না নেওয়ার সুযোগ

আবেদন করলেই যে প্রত্যেক গ্রাহক শেষ পর্যন্ত টাকা উত্তোলন করবেন, এমনটা নাও হতে পারে। আরিফ হোসেন খান জানান, অর্থ উত্তোলনের ক্ষেত্রে কিছু মুনাফা ছাড় দেওয়ার বিষয় থাকতে পারে। এ কারণে আবেদন করার পরও কোনো কোনো গ্রাহক সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাই বাস্তবে যারা টাকা তুলতে ব্যাংকে আসবেন, তাদের হিসাব বিবেচনায় নিয়ে অর্থ পরিশোধের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আমানতকারীদের অর্থ ফেরাতে সহযোগিতা করবে কেন্দ্রীয় ব্যাংক

বিজ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংকের নিজস্ব সক্ষমতা সীমিত হলেও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

তিনি বলেন, আমানতকারীদের দাবি পূরণ এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক দায়িত্বশীলভাবে কাজ করছে। প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দিয়ে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।

ঋণ দিতে প্রস্তুত ব্যাংক, দরকার অবকাঠামোগত সুবিধা

বিজ্ঞাপন

এদিকে ব্যাংক খাতে ঋণ বিতরণের ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে ঘাটতি নেই বলে জানিয়েছেন আরিফ হোসেন খান। তবে ঋণ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার বক্তব্য অনুযায়ী, ব্যাংক ঋণ দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকেও বিনিয়োগ বাস্তবায়নের উপযোগী প্রস্তুতি নিতে হবে। শুধু ঋণের অর্থ ছাড় করলেই বিনিয়োগ কার্যকর হয় না। এর সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, সড়ক যোগাযোগ, বন্দরসহ প্রয়োজনীয় অবকাঠামো ও লজিস্টিক সুবিধাও নিশ্চিত করতে হয়।

বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থায়নের বিষয়টি দেখছে। তবে ঋণের অর্থ পাওয়ার পর উৎপাদনমুখী কার্যক্রম শুরু করার মতো প্রয়োজনীয় সহায়তা না থাকলে বিনিয়োগ বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, প্রয়োজনীয় লজিস্টিক সুবিধার ঘাটতির কারণে কিছু ক্ষেত্রে ঋণ বিতরণে বিলম্ব হতে পারে। আবেদনকারী প্রতিষ্ঠানগুলো যখন সব প্রস্তুতি শেষ করে ঋণ নেওয়া ও বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রস্তুত হবে, তখন ঋণ বিতরণ কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD