Logo

গ্যাস সংকট কাটল, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫
গ্যাস সংকট কাটল, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন গ্যাসের সংকটে উৎপাদন বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় আবারও উৎপাদনে ফেরার প্রস্তুতি নিচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইতোমধ্যে কারখানাটির অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করা হয়েছে। এখন ইউরিয়া ইউনিটের কিছু কারিগরি পরীক্ষা ও প্রস্তুতিমূলক কাজ শেষ হলেই মূল ইউরিয়া সার উৎপাদন শুরু হবে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত এ কারখানায়।

বিজ্ঞাপন

সার কারখানা সূত্র জানায়, গ্যাস সরবরাহ পুনরায় নিশ্চিত হওয়ার পর গত ৯ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামাল অ্যামোনিয়া তৈরির কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে ইউরিয়া ইউনিটের বিভিন্ন পাইপলাইন ও যন্ত্রাংশে প্রয়োজনীয় মেরামত এবং সুরক্ষামূলক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এসব কাজ শেষ হওয়ার পরই কারখানাটিতে পুরোদমে ইউরিয়া উৎপাদন শুরু করা হবে।

সিইউএফএলের মহাব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে কারখানাটি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাচ্ছে। গ্যাস পাওয়ার পরপরই অ্যামোনিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। ইউরিয়া প্ল্যান্টের সাময়িক যান্ত্রিক প্রস্তুতি শেষ করে শিগগিরই কারখানার সার্বিক উৎপাদন কার্যক্রম শুরু হবে।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) এক কর্মকর্তা জানান, জাতীয় নির্দেশনার আলোকে কৃষিভিত্তিক শিল্প উৎপাদন সচল রাখতে সার ও বিদ্যুৎ খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। বর্তমানে সিইউএফএলে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস পৌঁছানো হচ্ছে এবং প্ল্যান্ট চালু রাখা সাপেক্ষে গ্যাসের যোগান আরও বাড়ানো সম্ভব।

বিজ্ঞাপন

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) পরিচালিত সিইউএফএলে প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। কারখানাটি পুরোপুরি উৎপাদনে ফিরলে দেশের কৃষকদের জন্য সার সরবরাহ আরও নিশ্চিত হবে। একই সঙ্গে বিদেশ থেকে সার আমদানির প্রয়োজন কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও কারখানাটির উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD