Logo

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তেলের দাম ছাড়াল ব্যারেলপ্রতি ১০৭ ডলার

profile picture
জনবাণী ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তেলের দাম ছাড়াল ব্যারেলপ্রতি ১০৭ ডলার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই ধারাবাহিকতায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে।

বিজ্ঞাপন

নভেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির দিকে এখন গভীর নজর রাখছে আন্তর্জাতিক জ্বালানি বাজার। নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও অবকাঠামোতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবেই বাজারে তেলের দাম বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ড্রোন হামলার পর সৌদি আরব সাময়িকভাবে দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি রোববার হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। তবে বর্তমানে ইরান এই জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে আগে অনুমতি নেওয়ার শর্ত দিয়েছে। একই সঙ্গে প্রণালীটি ব্যবহারের জন্য সার্ভিস ফি বা ব্যবহারের মাশুল চালুর বিষয়টিও বিবেচনা করছে।

ইরানের এই শর্ত না মানা জাহাজগুলো নিয়মিত হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। অন্যদিকে, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে যুক্তরাষ্ট্রও সময় সময় ইরানের উপকূলীয় এলাকায় বোমা হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা থাকলেও ওমান সেই আলোচনা পিছিয়ে দিয়েছে।

বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা বিপুল পরিমাণ অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশে যায়। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে চাপ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে জ্বালানি তেলের দামেও।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD