Logo

মাইলস্টোনে পাঠদান শুরু, নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস চলছে

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ২২:০৫
মাইলস্টোনে পাঠদান শুরু, নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস চলছে
ছবি: সংগৃহীত

বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

বিজ্ঞাপন

বিমান দুর্ঘটনার ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দুর্ঘটনার ১২ দিন পর দুই দিনের গ্রুপ কাউন্সেলিং শেষে আজ বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্‌ বুলবুল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ক্যাম্পাসে দোয়া মাহফিল, মানসিক প্রশমন কর্মসূচি এবং কাউন্সেলিং পরিচালিত হয়। আজ থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে পুরোদমে ক্লাস, পাশাপাশি পরবর্তী তিন মাস ধরে মনোসামাজিক কাউন্সেলিং চলবে।

বিজ্ঞাপন

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের মানসিকভাবে সাপোর্ট দেওয়া। কাউকে জোর করা হয়নি। অভিভাবকদের মতামতের ভিত্তিতে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হচ্ছে। দুর্ঘটনার দিন যারা প্রত্যক্ষদর্শী ছিল, বিশেষ করে ছাত্রীদের মানসিক চাপ তুলনামূলক বেশি। তাই তাদের জন্য আলাদা সেশন নেওয়া হচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, “একটি সেশন যথেষ্ট নয়। অনেকের জন্য ধারাবাহিক সেশন প্রয়োজন। এজন্য ফর্ম মাস্টারদের মাধ্যমে শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়া হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাস ধাপে ধাপে চালু করা হবে।”

কলেজ প্রশাসনের বরাতে জানা গেছে, শিক্ষার্থীদের কাউন্সেলিং কার্যক্রমে ব্র্যাক, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর ও কলেজের নিজস্ব মনোবিজ্ঞানীরা যুক্ত রয়েছেন। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশন থাকলেও এখন চলছে গ্রুপ কাউন্সেলিং। প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী বলেন, “যেসব শিক্ষার্থী এখনো ট্রমার মধ্যে আছে, তারা চাইলে অন্য শাখা বা প্রতিষ্ঠানে চলে যেতে পারবে।”

তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো শিক্ষা কার্যক্রম চালানো হবে না। সরকারের গঠিত তিনটি তদন্ত কমিটি ক্ষতিগ্রস্ত ভবনের ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২১ জুলাই ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ ঘোষণায় প্রতিষ্ঠানটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD