বৃত্তির ফল প্রকাশে নতুন সময় জানালো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল ঈদুল আজহার আগে প্রকাশ করা হচ্ছে না। ফল প্রস্তুতে দেরি হওয়ায় নতুন করে জুনের প্রথম সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশের পরিকল্পনা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক এ এস এম সিরাজুদ্দোহা জানান, আগে ২১ মে ফল প্রকাশের লক্ষ্য থাকলেও খাতা মূল্যায়ন ও ফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হচ্ছে না। ঈদের ছুটি শেষে জুনের প্রথম সপ্তাহের শেষ দিকে ফল প্রকাশ করা হতে পারে।
গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষা দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হয়। এ বছর মোট ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের।
বিজ্ঞাপন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে।
দুই ধরনের বৃত্তি দেওয়া হবে। ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থী এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। এই সুবিধা তারা পরবর্তী দুই বছর পর্যন্ত পাবে।
বিজ্ঞাপন
এদিকে, বৃত্তির অর্থ দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য নতুন হার কার্যকর হতে পারে।








