Logo

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি আজ শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১৩:০৪
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি আজ শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে
ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ছুটি শুরু হয়েছে আজ শনিবার (২৩ মে) থেকে। টানা ১৫ দিনের এ ছুটি চলবে আগামী ৬ জুন পর্যন্ত। এরপর ৭ জুন (রবিবার) থেকে আবার নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে কয়েকদিন ধরে চলা ছুটি-সংক্রান্ত অনিশ্চয়তার অবসান হলো।

মূলত সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার হওয়ায় গত বৃহস্পতিবার (২১ মে) ছিল ছুটির আগে শিক্ষার্থীদের শেষ ক্লাস। ফলে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার থেকেই কার্যত ছুটি শুরু হয়ে যায়। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

বিজ্ঞাপন

এর কারণ, রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে পাঠদানের ঘাটতি পূরণে আগে থেকেই ১০টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে শনিবার বিদ্যালয় চালু থাকার কথা ছিল। কিন্তু ঈদ ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচির সঙ্গে বিষয়টি সাংঘর্ষিক হয়ে পড়ে।

এ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রথমদিকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানাতে পারেনি। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের নির্দিষ্ট নির্দেশনা দিতে পারেননি।

বাৎসরিক ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ নির্ধারিত ছিল। সে হিসেবে ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা থাকার সম্ভাবনাই বেশি ছিল বলে ধারণা করা হচ্ছিল।

বিজ্ঞাপন

তবে অন্যদিকে মিড-ডে মিল কার্যক্রম সংক্রান্ত নির্দেশনায় ২২ মে থেকেই শিক্ষার্থীদের খাবার বিতরণ বন্ধ রাখার কথা বলা হয়। এতে অনেকেই ধরে নেন, শনিবার থেকে বিদ্যালয় বন্ধ থাকতে পারে।

অবশেষে শেষ মুহূর্তে এসে ছুটি নিয়ে তৈরি হওয়া জটিলতার সমাধান করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছুটি কার্যকর হয়েছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে থাকা অনিশ্চয়তার অবসান ঘটেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD