শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস কবে, জানাল মাউশি

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার অর্থ মঙ্গলবার (১৯ মে) থেকে ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বুধবারের মধ্যেই সব শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে মাউশির একটি সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে উৎসব ভাতার অর্থ পাঠানো হয়েছে। এরই মধ্যে অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে গত রোববার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
বিজ্ঞাপন
সূত্র অনুযায়ী, মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর জন্য উৎসব ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারী ৮৭ হাজার ৯২৫ জন।
ঈদুল আজহাকে সামনে রেখে এ অর্থ ছাড়ের ফলে শিক্ষক-কর্মচারীরা উৎসবের প্রস্তুতি নিতে কিছুটা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








