Logo

ঢাবিকে ‘প্রাচ্যের অক্সফোর্ডে’ গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ২০:২৮
ঢাবিকে ‘প্রাচ্যের অক্সফোর্ডে’ গড়ে তুলেছিলেন জিয়াউর রহমান: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে গড়ে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থার উন্নয়নে নানা কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। তার সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিদেশে সময় কাটানোর পরিবর্তে দেশে থেকেই পাঠদান ও একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। এর ফলে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসে বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে উচ্চশিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। ১৯৯২ সালে ড. ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের মাধ্যমে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের পথ সুগম হয়। এর ধারাবাহিকতায় বর্তমানে দেশে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ৫৭-এ পৌঁছেছে। তবে শুধু সংখ্যার বৃদ্ধি নয়, উচ্চশিক্ষার মান উন্নয়ন নিয়েও এখন গুরুত্ব সহকারে ভাবতে হবে। তার ভাষায়, উচ্চশিক্ষায় পরিমাণগত অগ্রগতির পাশাপাশি গুণগত উৎকর্ষ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

ড. মিলন আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান দেশের শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন এনেছিলেন। পরবর্তীতে খালেদা জিয়াও শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। বর্তমান সরকারও শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রধানমন্ত্রী শিক্ষাখাতে ব্যাপক সংস্কার ও আধুনিকায়নের নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনের চাহিদা অনুযায়ী নতুন শিক্ষানীতি ও উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ চালিয়ে যাচ্ছে।

‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা’ শীর্ষক কর্মশালায় সরকারের নীতিনির্ধারক, ইউজিসি সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, উন্নয়ন সহযোগী এবং দেশি-বিদেশি কূটনীতিকরা অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD