Logo

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৭:৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: সংগৃহীত

রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি নির্দেশনা অনুযায়ী, বুধবার দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীরা ২৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত আবেদন ফি জমা দিতে পারবেন।

এছাড়া আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য পৃথক সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। ২১ জুন রাত ১২টা থেকে ২৩ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা যাচাই করা হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ৫ জুলাই থেকে ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ জুলাই। পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে। এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে ১৪ জুলাই।

অন্যদিকে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুলাই সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা।

বিজ্ঞাপন

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই। ফলাফল প্রকাশের পর মেধা ও পছন্দের ভিত্তিতে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য বিষয় নির্বাচন ও বরাদ্দ কার্যক্রম চলবে ১৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।

অন্যদিকে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ক্ষেত্রে বিষয় বরাদ্দ দেওয়া হবে ২২ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৩ আগস্ট। এ প্রক্রিয়া চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ভর্তি সম্পন্ন হওয়ার পর ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

ভর্তি নির্দেশিকায় কিছু কলেজে লিঙ্গভিত্তিক আসন সংরক্ষণের বিষয়ও উল্লেখ করা হয়েছে। ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসন শুধুমাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। একইভাবে ঢাকা কলেজের আসন কেবল ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে।

তবে সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে ছাত্র ও ছাত্রী উভয়েই মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করতে পারবেন ব্যবসায় শিক্ষা বিভাগ, বিজনেস ম্যানেজমেন্ট, এ-লেভেল অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা।

বিজ্ঞাপন

আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৪ অথবা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার ফলাফল মিলিয়ে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে।

ও-লেভেল ও এ-লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে। তাদের অন্তত পাঁচটি বিষয়ে ও-লেভেল এবং দুটি বিষয়ে এ-লেভেলে উত্তীর্ণ হতে হবে। নির্ধারিত গ্রেড পয়েন্টের ভিত্তিতে তাদের ফলাফল মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাত কলেজের সংশ্লিষ্ট ভর্তি কমিটির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। তবে শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রির মূল সনদপত্র প্রদান করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর ফলে সাত কলেজের শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে (www.dcu.ac.bd) গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া ইউনিটভিত্তিক বিস্তারিত নির্দেশিকা, বিষয়ভিত্তিক আসনসংখ্যা, যোগ্যতার শর্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে নতুন এই বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে।

এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD