Logo

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই, ২০২৬, ১৬:১৫
পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করে ওই ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এ সময় সম্পূরক প্রশ্ন উত্থাপন করে সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, শিক্ষার্থীদের আন্দোলন এবং পরীক্ষা এক-দুই দিন পেছানোর দাবির পরও কেন সেই দাবি বিবেচনায় নেওয়া হয়নি। তিনি বলেন, এইচএসসি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিশেষ করে পদার্থবিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা অন্তত এক বা দুই দিন পিছিয়ে দেওয়ার সুযোগ ছিল কি না, তা জানতে চান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে প্রায় দুই হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে এরই মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িসহ পুরো বোর্ডের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার নিয়মিত পর্যবেক্ষণ করেছে। ৬৪ জেলার পুলিশ সুপার, আট বিভাগীয় কমিশনার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আবহাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি অনুকূলে থাকার তথ্য পাওয়ার পর বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় তাৎক্ষণিকভাবে মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় পরীক্ষার্থীদের নৌকায় করে কেন্দ্রের ভবনে পৌঁছে দেওয়া হয়। দুর্যোগের কারণে যেসব শিক্ষার্থীর পোশাক ভিজে যায়, তাদের জন্য বিকল্প পোশাকের ব্যবস্থাও করা হয়। পরে এক ঘণ্টা বিলম্বে পরীক্ষা শুরু করা হলেও সেই সময় পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় হিসেবে সমন্বয় করে দেওয়া হয়। প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে পরীক্ষা স্থগিত বা বিলম্বে নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের ত্রুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জনের প্রক্রিয়া প্রায় দুই বছর আগে শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অনেক আগেই এসব প্রশ্ন প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছিল। তবে পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল শনাক্ত হওয়ার পরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থী পূর্ণ নম্বর পাবেন, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন।

এদিকে, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মার্জিয়া বেগমের অন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি সাধারণ বা বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের যে দাবি উঠেছে, তা সরকারের ভাবনায় রয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের আইন ভেটিংয়ের কাজ চলছে। ইউরোপ ও আমেরিকার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের আদলে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি বিশেষায়িত ‘স্কুল অব এগ্রিকালচার’ বা কৃষি অনুষদ গড়ে তোলা হবে, যা এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ও অর্থনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD