Logo

ম্যানেজিং কমিটিই নিয়োগ দেবে শিক্ষক, সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ আগস্ট, ২০২৬, ১৭:৪৫
ম্যানেজিং কমিটিই নিয়োগ দেবে শিক্ষক, সিদ্ধান্ত ‘চূড়ান্ত’
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে প্রবেশপর্যায়ের শিক্ষক নিয়োগের দায়িত্ব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে শিক্ষক নিয়োগে আর সুপারিশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিষয়ে প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

গত ৩ আগস্ট সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, ২০০৫ সালে এনটিআরসিএ প্রতিষ্ঠার পর থেকে ২০১৫ সালের আগ পর্যন্ত সংস্থাটি মূলত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করেছে। তবে ২০১৫ সাল থেকে সংস্থাটির সক্ষমতার বাইরে গিয়ে শিক্ষক নিয়োগের সুপারিশের কার্যক্রম শুরু হওয়ার পর বিভিন্ন জটিলতা, মামলা ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) আলিফ রুদাবা সংস্থাটির আইনগত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ২০০৫ সালের ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আইন’ এবং এর আওতায় প্রণীত ২০০৬ সালের বিধিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিবন্ধন ও প্রত্যয়নের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং সনদ প্রদানের লক্ষ্যে প্রতি বছর অন্তত একবার পরীক্ষা আয়োজনের বিধান রয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, আইন অনুযায়ী এখন থেকে এনটিআরসিএ শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করবে। ২০১৫ সালের পরিপত্রের ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য কোনো সুপারিশ করবে না সংস্থাটি। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

সভায় শিক্ষামন্ত্রী আরও বলেন, এনটিআরসিএর বর্তমান অচলাবস্থা নিরসনে সংস্থাটিকে আগের মতো শুধু নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রমের মধ্যে রাখা যেতে পারে। এরপর প্রত্যয়নপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে বাছাই করে নিয়োগ দেওয়া হলে বর্তমান জটিলতার সমাধান সম্ভব। সভায় উপস্থিত কর্মকর্তারাও এ মতের সঙ্গে একমত হন।

বিজ্ঞাপন

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে বাছাই প্রক্রিয়া চালু হবে। এ জন্য প্রয়োজনীয় আইন, পরিপত্র ও প্রজ্ঞাপন সংশোধন বা জারি করা হবে।

এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে তাদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বউদ্যোগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র বা প্রজ্ঞাপন সংশোধন ও জারির উদ্যোগ নেওয়া হবে।

এনটিআরসিএ সর্বশেষ ২০২৩ সালে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০০৫ সালে প্রতিষ্ঠার পর প্রথম এক দশক এনটিআরসিএ শুধু শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ প্রদান করত। এরপর ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে নিবন্ধনধারী শিক্ষকদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করার কার্যক্রম শুরু করে সংস্থাটি। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে সুপারিশের ব্যবস্থা চালু ছিল।

এ পর্যন্ত এনটিআরসিএ ১ লাখ ৭৭ হাজার ৫৭১ জন শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD