Logo

এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৬, ১১:৪১
এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৪০ হাজার ৮৪ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবার সামগ্রিক পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮.৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৬.৩৩ শতাংশীয় পয়েন্ট।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বোর্ডভিত্তিক ফলাফলে দেখা গেছে, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১.৬২ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং সর্বোচ্চ ফল অর্জন করেছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়।

বিজ্ঞাপন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে হবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ কর্নারে যেতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা সম্ভব। এ জন্য যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠাতে হবে।

বিজ্ঞাপন

এসএমএসের ফরম্যাট হলো: HSC লিখে একটি স্পেস, সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস, পরীক্ষার্থীর রোল নম্বর, একটি স্পেস এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে: HSC Dha 123456 2026।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা কার্যালয় থেকে সরাসরি কোনো ফলাফল সরবরাহ করা হবে না।

বিজ্ঞাপন

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী নিজের প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।

আবেদন করার নিয়ম, নির্ধারিত ফি এবং প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD