Logo

এইচএসসির ফল প্রকাশের দিনে আন্দোলনের ডাক এমপিওভুক্ত শিক্ষকদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর, ২০২৬, ২০:৩৫
এইচএসসির ফল প্রকাশের দিনে আন্দোলনের ডাক এমপিওভুক্ত শিক্ষকদের
ফাইল ছবি

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। বেলা ১১টায় সারাদেশে একযোগে ফল প্রকাশের প্রস্তুতির মধ্যেই একই দিনে দেশজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন জোটের যুগ্ম-সদস্যসচিব প্রকৌশলী আবুল বাশার। শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তার বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল ৩১ অক্টোবর শনিবার দেশের সব উপজেলা, জেলা ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।’

কর্মসূচির সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে। এই সময়সীমার যেকোনো পর্যায়ে মানববন্ধন ও সমাবেশ আয়োজন করতে পারবেন শিক্ষকরা। জোটের সর্বসম্মত সিদ্ধান্তে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, একই দিন বেলা ১১টায় সারাদেশে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষকদের কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকার কথা। এমন সময়ে দেশজুড়ে শিক্ষক সংগঠনটির মানববন্ধন কর্মসূচি ঘোষণা নতুন পরিস্থিতি তৈরি করেছে।

এ বিষয়ে জানতে চাইলে জোটের যুগ্ম-সদস্যসচিব প্রকৌশলী আবুল বাশার বলেন, ‘ফল প্রকাশ ১১টায়। আর কর্মসূচি করতে বলা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যে কোনো সময়। এ কারণে ফল প্রকাশ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD