ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৩৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।
বিজ্ঞাপন
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ জ ম রেজাউল করিম খান।
বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন। উত্তীর্ণ ছাত্রের সংখ্যা ১৫ হাজার ৬৪৭, পাসের হার ৪৭ দশমিক ৩৬ শতাংশ। অন্যদিকে ২০ হাজার ৭০৭ জন ছাত্রী পাস করেছেন, তাঁদের পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ। অর্থাৎ ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
এ বছর ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ১৩৭ জন। তাঁদের মধ্যে ১ হাজার ১৮ জন ছাত্র এবং ১ হাজার ১১৯ জন ছাত্রী।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বোর্ডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোমেনশাহী এবং ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই তিন প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদিকে বোর্ডের অধীনে ১৯টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিভাগের চার জেলার ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা। এ জেলায় পাসের হার ৫৯ দশমিক ৩৩ শতাংশ। অন্য জেলাগুলোর মধ্যে শেরপুরে ৪৫ দশমিক ৬৫, নেত্রকোনায় ৪৩ দশমিক ৯১ এবং জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ।
বিজ্ঞাপন
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান শাখায় পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। মানবিক বিভাগে এ হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।
ফল পুনর্নিরীক্ষণ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।








