Logo

আলিয়া নয়, রণবীর বেছে নিলেন দীপিকাকে!

profile picture
বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর, ২০২৫, ১৫:১৪
আলিয়া নয়, রণবীর বেছে নিলেন দীপিকাকে!
ছবি: সংগৃহীত

বলিউড তারকা রণবীর কাপুর তার দাদু রাজ কাপুরের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান আরকে ফিল্মসকে নতুনভাবে রূপ দিতে পরিকল্পনা করছেন। গুঞ্জন, ব্যানারের প্রথম ছবিতে তিনি জুটি বাঁধতে পারেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। বলা হচ্ছে, এটি হতে পারে ১৯৫৬ সালের ‘ছোরি ছোরি’ ছবির আধুনিক সংস্করণ।

বিজ্ঞাপন

অক্টোবরে রণবীরের উদ্যোগে আরকে ফিল্মস পুনরুজ্জীবিত করার খবর প্রকাশ পায়। সূত্রের মতে, এখন সেই উদ্যোগ আরও এগিয়েছে। রণবীর চান, নতুন ছবিতে রাজ কাপুরের ক্লাসিক স্পর্শ আধুনিক রূপে ফুটে উঠুক। টিমের মধ্যে এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ছবির পরিচালনার দায়িত্ব হতে পারে অয়ন মুখার্জির হাতে। তিনি দীর্ঘদিন ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন এবং সূত্রের খবর, অয়ন এই প্রজেক্টকে সময় নিয়ে নিখুঁত করতে চাইছেন। ছবিটি বড় বাজেটে নির্মিত হতে পারে এবং আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনাও রয়েছে। শোনা যাচ্ছে, আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মদিনে আরকে ফিল্মস আনুষ্ঠানিকভাবে এই নতুন অধ্যায়ের ঘোষণা দিতে পারে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক বলিউড কনটেন্ট ক্রিয়েটরের তৈরি রিলে দেখা গেছে, রণবীর–দীপিকা জুটিকে বড় পর্দায় পুনরায় দেখতে চাইলে দীপিকা লাইক দিয়েছেন। এর পরই গুঞ্জন ছড়িয়েছে যে অভিনেত্রীও এই প্রস্তাবকে ইতিবাচক মনে করছেন।

রণবীর–দীপিকার জুটি পূর্বেও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ‘বাচনা অ্যায় হসিনো’ থেকে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—প্রতিটি ছবিতে তাদের অভিনয় ও কেমিস্ট্রি প্রশংসিত হয়েছে। ব্যক্তিগত সম্পর্কের বিষয় আলাদা রেখে, পেশাদারিত্বে তারা সবসময় দর্শকদের মুগ্ধ করেছেন। উল্লেখ্য, রণবীর বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে বিবাহিত এবং সংসারী জীবন কাটাচ্ছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD