ড্রোন ব্যবহারে অনিয়মের অভিযোগ, আইনি ঝামেলায় ‘ধুরন্ধর ২’ টিম

রণবীর সিং অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘ধুরন্ধর ২’ মুক্তির আগেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে। শুটিং চলাকালে অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহারের অভিযোগে ছবিটির নির্মাতা দলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার প্রকাশিত ছবির ঝলক প্রকাশের পর দর্শকমহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে সেই উত্তেজনার মধ্যেই সামনে আসে শুটিং-সংক্রান্ত এই বিতর্ক। অভিযোগ উঠেছে, দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় শুটিং চলাকালে বিনা অনুমতিতে ড্রোন উড়ানো হয়েছে।
জানা গেছে, গত ৩০ জানুয়ারি থেকে ওই এলাকায় ছবিটির শুটিং চলছে। পাকিস্তানের লিয়ারি শহরের আদলে একটি সেট তৈরি করে সেখানে দৃশ্যধারণ করা হচ্ছিল। শুটিংয়ের সময়কার কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও পাপারাজ্জিদের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে বলা হয়েছে, ফোর্ট এলাকা অত্যন্ত সংবেদনশীল। এখানে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান থাকায় আকাশপথে যন্ত্র ব্যবহার, বিশেষ করে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ড্রোন ব্যবহার করায় আইন ভঙ্গ হয়েছে।
এ ঘটনায় মুম্বাইয়ের এমআরএ মার্গ থানায় ছবির লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ‘কর্তৃপক্ষের আদেশ অমান্য’ করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিজ্ঞাপন
ড্রোন শুটিংয়ের জন্য আগাম পুলিশি অনুমতি নেওয়া হয়নি বলেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। তবে এ বিষয়ে ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটির পরিপ্রেক্ষিতে শুটিং কার্যক্রম ও নির্মাতা দলের ওপর চাপ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।








