Logo

গোপন ছবি তুলে নারীকে ব্ল্যাকমেইল, ফের গ্রেফতার হতে পারেন নোবেল

profile picture
বিনোদন প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৯
গোপন ছবি তুলে নারীকে ব্ল্যাকমেইল, ফের গ্রেফতার হতে পারেন নোবেল
ছবি: সংগৃহীত

‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে পর্ণোগ্রাফি ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বিভিন্ন বিতর্ক এবং বেফাঁস মন্তব্যের কারণে ইতোমধ্যেই পরিচিত এই শিল্পী অতীতে গ্রেফতার হয়ে কারাবাসও ভোগ করেছেন।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত মামলার শুনানির পর এ আদেশ দেন। ভুক্তভোগী নারীর আইনজীবী সাজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলাটি গত বছরের ১৩ আগস্ট দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়েছে, নোবেল ভুক্তভোগী নারীর গোপন ছবি তুলে তা ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতেন। একপর্যায়ে পারিবারিকভাবে এনগেজমেন্ট সম্পন্ন হলেও শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়ায় ভুক্তভোগী সম্মতি দেননি। পরবর্তীতে নোবেল গোপন ছবি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ২০ লাখ টাকারও বেশি অর্থ হাতিয়ে নেন।

বিজ্ঞাপন

আইনজীবী সাজিদুল ইসলাম জানান, অভিযোগ আদালতে উপস্থাপিত হওয়ার পর আদালত নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD