বিজয়–সঙ্গীতার সংসারে ভাঙনের গুঞ্জন, তৃষাকে ঘিরে নতুন জল্পনা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর তার সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে।
বিজ্ঞাপন
স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে দূরত্বের খবরের পাশাপাশি অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে।
সম্প্রতি চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন এবং তার ঠিক পেছনেই হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে তাদের এমন উপস্থিতি ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
ঘটনাটি সামনে আসার পর নেটিজেনদের একটি অংশ তাদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। অনেকেই মনে করছেন, বিজয় ও তার স্ত্রী সঙ্গীতার মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পেছনে এই সম্পর্কের গুঞ্জনই হয়তো বড় কারণ।
বিজ্ঞাপন
ভারতীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিয়ে করা এই দম্পতির দুই সন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনের এমন পরিণতির গুঞ্জনে হতাশ হয়েছেন অনেক ভক্ত।
এদিকে এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষা পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে লেখা ছিল— ‘সব গুঞ্জন দূরে সরিয়ে উঠে দাঁড়ানোর সময় এসেছে।’ যদিও কিছুক্ষণ পরই সেই পোস্ট মুছে ফেলেন তিনি। তবে ততক্ষণে বিষয়টি নিয়ে শুরু হয় নতুন জল্পনা।
বিজ্ঞাপন
বিজয় ও তৃষার পর্দার রসায়ন বহুদিনের। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে জুটি হিসেবে তাদের জনপ্রিয়তা শুরু হয়। এরপর আরও কয়েকটি সফল সিনেমায় একসঙ্গে কাজ করলেও ২০০৮ সালের পর দীর্ঘ সময় তাদের আর একসঙ্গে দেখা যায়নি।
তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এমনকি সেই সময় বিজয়ের পরিবারে অশান্তির জেরে তৃষার সঙ্গে কাজ না করার শর্ত দেওয়া হয়েছিল বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিজয় বা তৃষার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।








