Logo

আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না: অপু বিশ্বাস

profile picture
ক্রীড়া ডেস্ক
২ এপ্রিল, ২০২৬, ১৮:৫০
আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না: অপু বিশ্বাস
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ভক্তদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনারা কাদা ছোঁড়াছুড়ি করবেন না’। নিজের দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের অটুট সমর্থন ও ভালোবাসার কথা স্মরণ করে তাদের আভিজাত্য ও মার্জিত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন অপু।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, তার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং শিক্ষা, রুচি ও মার্জিত আচরণের জন্যই অনন্য। তিনি বলেন, “আজ এই দীর্ঘ পথচলায় আপনারা যেভাবে ছায়ার মতো আমার পাশে আছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, পরিবারের একজন সদস্য হিসেবেই ভালোবেসেছেন। আর এই ভালোবাসার মূলে রয়েছে আমার কাজ। কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।”

অপু আরও লেখেন, অপুর ভক্ত হওয়া মানেই শিষ্টাচার ও আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন। তাই অন্য কারও নিচু মানের মন্তব্যের জবাব দিতে গিয়ে নিজেদের ব্যক্তিত্ব ও মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই। তিনি ভক্তদের উদ্দেশে স্পষ্ট অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা কারও সঙ্গে অহেতুক তর্কে বা কাদা ছোঁড়াছুড়িতে জড়াবেন না। আপনারা যে কতটা ধৈর্যশীল ও সুশিক্ষিত, তা বারবার প্রমাণ করেছেন।”

বিজ্ঞাপন

নায়িকা তার পরিবারকে নিজের অহংকার বলে উল্লেখ করে বলেন, “আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই তাদের আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবার নিয়ে কিছু প্রমাণ করার দরকার নেই। আমাদের আসল পরিচয় হলো আমাদের কাজ, বংশমর্যাদা ও শিক্ষা।”

অপু বিশ্বাস ভক্তদের প্রতি তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়েও আবেগপূর্ণ আহ্বান জানান। তিনি বলেন, ভক্তরা যেভাবে তাকে আগলে রেখেছেন, ঠিক সেভাবেই তার ছেলে জয়কেও স্নেহ ও মমতায় আগলে রাখবেন। জয়কে সুন্দর ও ইতিবাচকভাবে সবার সামনে উপস্থাপন করাই যেন ভক্তদের লক্ষ্য হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তিনি কোনো বিতর্ক বা হট্টগোলে জড়াতে চান না। ভালোবাসা ও কাজের গৌরব নিয়েই এগিয়ে যেতে চান। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা শান্ত ও হাসিখুশি থাকুন। আপনাদের মার্জিত রূপটিই আমার পথচলার সবচেয়ে বড় শক্তি।”

সামাজিক মাধ্যমে এমন দায়িত্বশীল ও ইতিবাচক বার্তার পর সাধারণ নেটিজেন ও ভক্তদের প্রশংসায় ভাসছেন এই তারকা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD