Logo

জন্মদিনে ভয়ংকর রূপে দেখা দিলেন আল্লু অর্জুন

profile picture
বিনোদন ডেস্ক
৯ এপ্রিল, ২০২৬, ২০:১০
জন্মদিনে ভয়ংকর রূপে দেখা দিলেন আল্লু অর্জুন
ছবি: সংগৃহীত

দক্ষিণী মেগাস্টার আল্লু অর্জুনের জন্মদিন মানেই ভক্তদের কাছে অন্যরকম এক উৎসব। প্রতি বছরের মতো এবারও প্রিয় নায়ককে একনজর দেখতে তার হায়দরাবাদের জুবিলি হিলসের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার অনুরাগী। তবে অভিনেতার ৪৫তম জন্মদিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে ভক্তদের ওপর লাঠিচার্জ করতে বাধ্য হয় হায়দরাবাদ পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাত থেকেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত তার বাসভবনের সামনে জড়ো হতে থাকেন। প্রিয় তারকার ছবি, ব্যানার, ফেস্টুন এবং আতশবাজি নিয়ে তারা উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। স্লোগান আর উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় এতটাই বেড়ে যায় যে তা জনসমুদ্রে পরিণত হয় এবং নিরাপত্তা বাহিনীর জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক পর্যায়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেক ভক্ত ব্যারিকেড ভেঙে অভিনেতার বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করলে বিশৃঙ্খলা তৈরি হয়। এতে করে নিরাপত্তা পরিস্থিতি অবনতির দিকে যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে লাঠিচার্জ করে। আকস্মিক এই ঘটনায় সেখানে উপস্থিত ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন—এটা অনেকেই কল্পনাও করেননি।

বিজ্ঞাপন

এদিকে জন্মদিন ঘিরে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হন এই তারকা। প্রকাশ করা হয়েছে তার নতুন সিনেমা রাকা-এর প্রথম ঝলক। টিজারে একেবারে ভিন্নধর্মী লুকে দেখা গেছে তাকে—ন্যাড়া মাথা, তীক্ষ্ণ দৃষ্টি আর রাগী অভিব্যক্তি—যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে।

এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। বড় বাজেটের এই প্রজেক্টটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি রুপি, যা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যয়বহুল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

চরিত্রের প্রয়োজনে এই সিনেমায় আল্লু অর্জুনকে দেখা যাবে একেবারেই নতুন অবতারে—ন্যাড়া মাথা, তীক্ষ্ণ নখ, লোমশ দেহ এবং প্রায় পশুসদৃশ এক ভয়ংকর চরিত্রে। তার এই রূপ ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। জানা গেছে, গত দুই বছর ধরে এই বৃহৎ বাজেটের সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতা অ্যাটলি।

জন্মদিনের এই অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা কিছুটা দুঃখজনক হলেও, নতুন সিনেমার ঝলক দেখে ভক্তদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। বরং ‘পুষ্পা’ সিরিজের সাফল্যের পর ‘রাকা’ দিয়ে আল্লু অর্জুন আবারও বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারেন কি না—এটাই এখন সবার নজরে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD