Logo

দীর্ঘ প্রতীক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৫:২৬
দীর্ঘ প্রতীক্ষার পর দুই বাংলায় মুক্তি পাচ্ছে বুবলীর সিনেমা
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির পথে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতায় ছবিটির মুক্তি আটকে ছিল।

বিজ্ঞাপন

নির্মাতা রাশেদ রাহা জানিয়েছেন, আগামী মে মাসে পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শেষে আনুষ্ঠানিক মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান তিনি।

‘ফ্ল্যাশব্যাক’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় বুবলীর। ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকমহলে সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

বিজ্ঞাপন

থ্রিলারধর্মী এই ছবিতে বুবলীর পাশাপাশি অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

সিনেমায় বুবলীর চরিত্রের নাম শ্বেতা, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলি অভিনয় করেছেন অঞ্জন চরিত্রে এবং সৌরভ দাস ডিকে চরিত্রে। তিনটি ভিন্ন জীবনের মানুষ এক পর্যায়ে পাহাড়ি একটি জনপদে এসে মিলিত হয়, সেখান থেকেই গল্পে আসে নাটকীয় মোড়।

এদিকে, দেশে আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে বুবলী অভিনীত আরেক সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। নির্মাতা রাখাল সবুজ পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

বিজ্ঞাপন

তবে ‘সর্দারবাড়ির খেলা’র প্রচারণায় বুবলীকে অনুপস্থিত দেখা যাওয়ায় নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। চলতি বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে, দ্বিতীয়বারের মতো মা হতে পারেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD