Logo

স্ত্রীর মাথায় ছাতা ধরলেন তারেক রহমান, যা বললেন শাওন

profile picture
বিনোদন ডেস্ক
৩ মে, ২০২৬, ১৬:২৮
স্ত্রীর মাথায় ছাতা ধরলেন তারেক রহমান, যা বললেন শাওন
ছবি: সংগৃহীত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সংবাদমাধ্যমের শিরোনামের ধরন ও সময়ের পরিবর্তন নিয়ে তার করা মন্তব্য ইতোমধ্যে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সিলেট সফরের সময় একসঙ্গে হাঁটতে দেখা যায়। আগের দিন (২ মে) থেকেই ছবিটি সামাজিক মাধ্যমে আলোচিত ছিল।

ছবির ক্যাপশনে শাওন বর্তমান ও অতীত সময়ের সংবাদ শিরোনামের পার্থক্য তুলে ধরেন। তিনি লেখেন, “আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। দুই বছর আগে কেমন হেডলাইন হতো, এখন কেমন হয়?”—এরপর তিনি উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন।

বিজ্ঞাপন

তার পর্যবেক্ষণে উঠে আসে, অতীতে উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘিরে শিরোনাম বেশি দেখা যেত। যেমন—পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন সংক্রান্ত সংবাদগুলো গুরুত্ব পেত। কিন্তু বর্তমানে ব্যক্তিগত বা তুলনামূলক হালকা বিষয়ক সংবাদও শিরোনামে উঠে আসছে বলে মন্তব্য করেন তিনি।

বর্তমান সময়ের উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন—সহধর্মিণীকে ছাতা ধরার দৃশ্য, হেঁটে অফিসে যাওয়া বা দলীয় কার্যালয়ে যাওয়া, এমনকি ব্যক্তিগত পোষা প্রাণী সংক্রান্ত খবরও এখন সংবাদ শিরোনাম হচ্ছে।

বিজ্ঞাপন

তবে নিজের এই বিশ্লেষণকে ‘পাতি অবজারভেশন’ হিসেবে উল্লেখ করলেও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শাওন। তিনি একটি আন্তর্জাতিক জরিপের কথাও তুলে ধরেন, যেখানে বলা হয়েছে—বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। সেই সূচকে বাংলাদেশের অবস্থানও অবনতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শাওনের এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন। তবে বিশ্ব গণমাধ্যম দিবসে তার এই মন্তব্য গণমাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD