Logo

‘কেজিএফ’ খ্যাত যশ এবার বিরতির ভাবনায়

profile picture
বিনোদন ডেস্ক
২ মে, ২০২৬, ২০:২৮
‘কেজিএফ’ খ্যাত যশ এবার বিরতির ভাবনায়
ছবি: সংগৃহীত

বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন কন্নড় সুপারস্টার যশ। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকা এই অভিনেতার নতুন সিনেমা ‘টক্সিক’-এর ঝলক প্রকাশ পেলেও এর মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্টরা এখনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করেননি।

বিজ্ঞাপন

২০২২ সালে ‘কেজিএফ চ্যাপ্টার টু’-এর অভূতপূর্ব সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যশের নতুন কাজের জন্য। তবে দীর্ঘ সময় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় তার অনুরাগীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে।

এমন সময়ে ‘কেজিএফ’ খ্যাত এই অভিনেতাকে নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর। চলতি বছর তার নতুন সিনেমাগুলো মুক্তি পেলেই নাকি বিরতি নেবেন, এমনটা জানালেন যশ নিজেই।

বিজ্ঞাপন

সম্প্রতি সাংবাদিকদের কাছে বিরতি নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে যশ বলেন, আমি আসলে এখন বিরতি নেওয়ার দিকেই বেশি ঝুঁকে আছি। কারণ আমি একনাগাড়ে দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ২০২২ সালের পর আমার আর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ভক্তদের অনেকে হতাশ, কিন্তু আমি যে লক্ষ্য ও ভিশন নিয়ে এগোচ্ছি, তার জন্য সময় ও একাগ্রতা প্রয়োজন।

যশ আরও জানান, তিনি তার সিনেমাগুলোকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন, যা বেশ চ্যালেঞ্জিং। পর্দার সামনে দীর্ঘ সময় দেখা না গেলেও তিনি মোটেও হাত গুটিয়ে বসে ছিলেন না।

বিজ্ঞাপন

যশের আসন্ন সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্তের মতো তারকাদের। আগামী জুনে মুক্তির কথা থাকলেও সাময়িক স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, নিতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমা ‘রামায়ণে’ও দেখা যাবে যশকে। দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম অংশ ২০২৬ সালের দিপাবলীতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দিপাবলীতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই প্রজেক্টে যশের পাশাপাশি অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD