Logo

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী

profile picture
বিনোদন ডেস্ক
২ মে, ২০২৬, ১৮:৩০
‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে অনেকটা দূরে থাকলেও প্রবাসে মাঝে মাঝে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তিনি। বিদেশে বসবাসের বাস্তব অভিজ্ঞতা ও নানা সংকটকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’, যার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন এই তারকা।

বিজ্ঞাপন

পরিচালক হাসান জাহাঙ্গীরের নির্মাণে সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। গল্পে দেখা যাবে—বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ের মতো জটিল বাস্তবতার মুখোমুখি এক নারীর জীবন। এই গল্পের মধ্য দিয়ে সামাজিক সচেতনতার বার্তাও তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছিল বলে জানিয়েছেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। তিনি বলেন, এরই মধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। গত মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, ‘এ গল্পের মাধ্যমে নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু একটু করে সংসার সাজান, সেই সংগ্রামের পেছনের গল্প নিয়েই সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। তিনি বলেন, সিনেমার ৮০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী কাজ দেশে হয়েছে।

হাসান জাহাঙ্গীর বলেন, এই গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেওয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কমবেশি থাকে। এই গল্পগুলো দর্শকদের দেখা উচিত।

সিনেমাটির মুক্তি নিয়ে নির্মাতা বলেন, আমরা দুই ঈদের মাঝামাঝি সময়ে মুক্তির পরিকল্পনা করেছিলাম। এখন আমাদের কাছে ১৫ মে ভালো সময় মনে হচ্ছে। এ সময়েই আমরা মুক্তি দেব। এটি বিদেশেও— যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে। আমরা মনে করি, গল্পটি দর্শকদের দেখা উচিত।

বিজ্ঞাপন

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ প্রসঙ্গে পরিচালক আরও বলেন, সর্বশেষ মৌসুমীর অভিনীত ‘সোনার চর’ মুক্তি পেয়েছিল। প্রায় দুই বছর পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন তিনি। এর আগে একই নামের একটি ওয়েব সিরিজের পরিকল্পনা থাকলেও সেটিকে পরবর্তীতে সিনেমা আকারে নির্মাণ করে হলে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছবিতে মৌসুমীর পাশাপাশি ডন, হাসান জাহাঙ্গীরসহ আরও কয়েকজন অভিনয় করেছেন। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির টেলিভিশন স্বত্ব ইতোমধ্যে বিক্রি করা হয়েছে এবং ঈদ উপলক্ষে এটি টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD