শপথের পরই বিজয়ের বড় সিদ্ধান্তে মুগ্ধ কমল হাসান

তামিল সিনেমার জনপ্রিয় তারকা ‘থালাপতি’ বিজয় এখন বাস্তবের মুখ্যমন্ত্রী। শপথ নেওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই জনকল্যাণমূলক কাজে নেমে পড়েন চন্দ্রশেখর জোসেফ বিজয়। তার নেওয়া প্রথম বড় সিদ্ধান্তেই মুগ্ধ হয়েছেন দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান। বিজয়ের এই সংস্কারমূলক উদ্যোগের প্রশংসায় তিনি রীতিমতো পঞ্চমুখ।
বিজ্ঞাপন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বিজয় ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। নতুন নীতিমালা অনুযায়ী, কোনো ধর্মীয় উপাসনালয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। নির্বাচনের আগে দেওয়া মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এটি প্রথম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কমল হাসান বলেন, ‘তামিল পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো। দায়িত্ব নেওয়ার পরপরই এটি বিজয়ের একটি দৃঢ় ও সাহসী পদক্ষেপ। মদ বিক্রি কখনোই সরকারের মূল কাজ হওয়া উচিত নয়, বরং এটি নিয়ন্ত্রণ করা সরকারের নৈতিক দায়িত্ব। তামিলনাড়ু সরকারকে সেই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। ৭১৭ সংখ্যাটি কেবল শুরু, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমি আশাবাদী।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: ব্যক্তিজীবনের গল্প শোনালেন সাদিয়া আয়মান
বর্তমানে তামিলনাড়ুতে সরকারি সংস্থার অধীনে ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। যার মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে এবং ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত। এই সব দোকানই এখন বন্ধের তালিকায়।
উল্লেখ্য, গত বছর মদ বিক্রি থেকে তামিলনাড়ু সরকারের আয় ছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা। বিপুল এই রাজস্ব হারানোর ঝুঁকি থাকলেও জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিজয়ের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন কমল হাসান।
বিজ্ঞাপন








