কফিনবন্দি হয়ে দেশে ফিরল কারিনা কায়সারের মরদেহ

তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতার সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞাপন
মরদেহ গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। প্রিয় সন্তানের মৃত্যুতে বিমানবন্দরে নেমে আসে শোকের ছায়া।
রবিবার (১৭ মে) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিনা খরচে তার মরদেহ দেশে আনা হয়েছে। আজ বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায় তার নানার বাড়িতে। সেখানেই তাকে দাফন করা হবে।
লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।
এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়।








