বিষাক্ত পোকার কামড়ে হাসপাতালে ভর্তি রাজেশ শর্মা

বিষাক্ত কোনো পোকার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পর তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, অভিনেত্রী ও উপস্থাপিকা সুদীপা চট্টোপাধ্যায়।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার রাতে হঠাৎ করেই অভিনেতার অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসে। জানা যায়, বিষাক্ত একটি পোকার কামড়ে তার শরীরে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণের কারণে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই রাজেশ শর্মার খোঁজখবর নিচ্ছেন সুদীপা চট্টোপাধ্যায় ও তার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়। তারা নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন এবং অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
শুক্রবার সকালে সুদীপা চট্টোপাধ্যায় জানান, রাজেশ শর্মার শারীরিক অবস্থার ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। তিনি এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপা বলেন, বর্তমানে রাজেশ শর্মার অবস্থার উন্নতি হয়েছে। তবে তাকে ঠিক কী ধরনের পোকা কামড়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। পাশাপাশি চিকিৎসকেরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।
চিকিৎসকদের ভাষ্য, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাজেশ শর্মাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। যদিও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, তবুও এই মুহূর্তে তাকে সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকেরা সতর্কতার সঙ্গেই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।








