Logo

বন্যার মধ্যে নেপালে তাসরিফ খান, ভক্তদের দুশ্চিন্তা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ২০:২৬
বন্যার মধ্যে নেপালে তাসরিফ খান, ভক্তদের দুশ্চিন্তা
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার খবর ছড়িয়ে পড়ার পর সংগীতশিল্পী তাসরিফ খানকে নিয়ে দেশে ও বিদেশে থাকা তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দেশটির উত্তরাঞ্চলে তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় আকস্মিক বন্যার মধ্যে তাসরিফ ও তার দলের অবস্থান নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে। তবে শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের নিরাপদ থাকার খবর জানিয়েছেন তাসরিফ খান।

বিজ্ঞাপন

তাসরিফ জানিয়েছেন, তারা এখনও নেপালেই আছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত নিরাপদ। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য দোয়াও করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দুর্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় বহু পর্যটক নিখোঁজ ও হতাহত হয়েছেন।

তাসরিফের নিরাপত্তার বিষয়ে জানতে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য ভক্ত ফোন, বার্তা এবং বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তাদের উদ্বেগ, ভালোবাসা ও দুশ্চিন্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।

শুধু নিজের ও দলের নিরাপত্তার বিষয়টি জানানোতেই সীমাবদ্ধ থাকেননি তাসরিফ। নেপালের আকস্মিক বন্যায় আটকে পড়া ও বিপদগ্রস্ত মানুষের জন্যও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। দুর্গতদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য সবার কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

তাসরিফ বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন। সবশেষে নিজের ও দলের জন্যও ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সংগীতের পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডের জন্যও পরিচিত তাসরিফ খান বর্তমানে নেপালে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তার ও দলের সদস্যদের নিরাপদ থাকার খবর পাওয়ার পর স্বস্তি ফিরেছে দেশে থাকা উদ্বিগ্ন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD