Logo

ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, মৃত্যুর খবর গুজব

profile picture
বিনোদন প্রতিবেদক
২৬ আগস্ট, ২০২৬, ১৮:১৬
ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, মৃত্যুর খবর গুজব
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরকে গুজব বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজনরা। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। তার মৃত্যুর খবরের কোনো সত্যতা নেই।

লিটন এরশাদ বলেন, ইলিয়াস কাঞ্চন সুস্থ আছেন। ভুল তথ্যের ভিত্তিতে তার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগেও বিভিন্ন সময়ে ইলিয়াস কাঞ্চনের পরিবার তার মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে।

ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেতা বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। ১৫ মাসের বেশি সময় সেখানে চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফেরেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতেই দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন।

বিজ্ঞাপন

দেশে ফেরার পর চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ অনেকে তার সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন ইলিয়াস কাঞ্চন। এরপর পরিবারের সঙ্গে সময় কাটাতে তার কিশোরগঞ্জের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল।

বিজ্ঞাপন

দেশে ফেরার পর নিজের শারীরিক অবস্থায়ও সন্তুষ্টি প্রকাশ করেছিলেন তিনি। গত ৯ আগস্ট রাতে ইলিয়াস কাঞ্চন জানিয়েছিলেন, দেশে ফেরার পর আগের তুলনায় নিজেকে কিছুটা স্বস্তিতে অনুভব করছেন। সবার সঙ্গে দেখা করা ও কথা বলে ভালো লাগছে বলেও জানান তিনি। পাশাপাশি দ্রুত চিকিৎসা শেষ করে দেশে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছিলেন।

ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়ও বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বাবাকে হাসিখুশি দেখে নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, বাবার মুখের হাসিই তার কাছে সবচেয়ে আনন্দের।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের স্বজন ও ঘনিষ্ঠজনরা। তারা বলছেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য নিশ্চিত না করে এ ধরনের খবর প্রচার করা উচিত নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD