সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমির জন্য ‘আওয়ারাপন টু’-এর সাফল্যের মধ্যেই এসেছে দুঃসংবাদ। ভাইরাসজনিত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মুম্বাইয়ে তার শারীরিক পরীক্ষা করা হলে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
কাজের প্রয়োজনে ভারতের রাঁচিসহ কয়েকটি শহর সফর করে সম্প্রতি মুম্বাইয়ে ফেরেন ইমরান। এরপরই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। শারীরিক অবস্থার কারণে ব্যাঙ্গালুরুতে ‘আওয়ারাপন টু’-এর একটি বিশেষ প্রদর্শনীতেও অংশ নিতে পারেননি তিনি। অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুঃখ প্রকাশের পাশাপাশি ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ইমরান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অসুস্থতার খবরের মধ্যেও অবশ্য বক্স অফিসে থেমে নেই ‘আওয়ারাপন টু’-এর সাফল্যের ধারা। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের বাজারে এখন পর্যন্ত ৪০ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। মুক্তির প্রথম দিনেই এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’-এর পুরো আয়ের রেকর্ড পেরিয়ে যায়।
শুধু তাই নয়, মুক্তির প্রথম শনিবারের মধ্যেই ইমরান হাশমির ‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডাইন’ ও ‘জন্নাত’-এর মোট ব্যবসাকেও ছাড়িয়ে যায় ছবিটি। একই সময়ে বক্স অফিসে সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর তুলনায়ও এগিয়ে রয়েছে ‘আওয়ারাপন টু’।
আরও পড়ুন
বিজ্ঞাপন
২০০৭ সালের জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ‘আওয়ারাপন’-এর পরবর্তী কিস্তি হিসেবে নির্মিত হয়েছে ‘আওয়ারাপন টু’। বিশেশ ফিল্মসের ব্যানারে বিশেশ ভাটের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নিতিন কক্কর। এতে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দিশা পাটানি ও শাবানা আজমিকে।
পুরোনো পরিচিত চরিত্রে ইমরান হাশমির প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সিনেমার বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি তার অভিনয়ও প্রশংসা পাচ্ছে। তবে এই মুহূর্তে শুটিং ও প্রচারণার ব্যস্ততা থেকে দূরে থেকে সুস্থ হয়ে ওঠাই অভিনেতার প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন









