Logo

বলিউড ছাড়ার ইঙ্গিত তাপসীর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

profile picture
বিনোদন ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৮
বলিউড ছাড়ার ইঙ্গিত তাপসীর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। নারীপ্রধান ও বাস্তবধর্মী গল্পের সিনেমায় অভিনয় করে এরই মধ্যে নিজের জন্য আলাদা একটি জায়গা তৈরি করেছেন তিনি। ‘পিঙ্ক’, ‘মূল্ক’, ‘থাপ্পড়’সহ একাধিক সিনেমায় ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। তবে সাম্প্রতিক সময়ে হিন্দি সিনেমার গল্প বলার ধরন ও নির্মাণের প্রবণতা নিয়ে নিজের অসন্তোষের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন তাপসী।

বিজ্ঞাপন

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এরই মধ্যে এক সাক্ষাৎকারে বলিউডের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলতে গিয়ে তাপসী জানান, পর্দায় অতিরিক্ত সহিংসতার প্রবণতা তাকে মাঝে মাঝে অভিনয় থেকে অবসর নেওয়ার কথাও ভাবতে বাধ্য করছে। সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া নির্দিষ্ট ধরনের অতিরঞ্জিত সহিংস সিনেমার ধারা তার পছন্দ হচ্ছে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

তাপসী বলেন, ‘সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাগুলোর চিত্র দেখে পরিবারের সঙ্গে আড্ডায় একসময় বলেই ফেলেছিলাম, আমার কি তবে অবসর নেওয়ার সময় হয়ে এলো? কারণ এখন যেভাবে নির্দিষ্ট ধারার অতিরঞ্জিত সহিংস ছবি তৈরি হচ্ছে, তারচেয়ে বরং অভিনয় ছাড়াই ভালো। হয়তো এ ধরনের সিনেমার একটা বড় দর্শকশ্রেণি রয়েছে, কিন্তু আমি অন্ধভাবে পেশাকে ভালোবেসে যা খুশি তা করতে পারব না।‘

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রীর কথায়, দর্শকের পছন্দ বা সময়ের ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজের নীতির সঙ্গে আপস করতে চান না তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কোন ধরনের সিনেমা ও চরিত্রে কাজ করেছেন, সেটিই ভবিষ্যতে তার পরিচয়ের অংশ হয়ে থাকবে বলেও মনে করেন তাপসী।

নিজের কাজের ধারা ও ভাবমূর্তি ধরে রাখার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা বা ঘরানা হয়তো বদলে যাবে, কিন্তু একজন শিল্পীর কাজের তালিকা (ফিল্মোগ্রাফি) একই থেকে যাবে। আজ থেকে ১০ বছর পর যখন কেউ আমার অভিনীত চলচ্চিত্রগুলো ফিরে দেখবে, তখন যেন আমি কিংবা আমার আপনজনদের লজ্জায় পড়তে না হয়। সময়ের হাওয়ায় ভেসে যাওয়ার চেয়ে নিজের সিনেমার মানকে ধরে রাখাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে তাপসীর নতুন সিনেমা ‘গান্ধারী’ নির্মাণ করেছেন দেবাশীষ মাখিজা। কানিকা ধিলনের রচনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে জয়পুরের কাল্পনিক পটভূমিতে। থ্রিলারধর্মী এই গল্পে একজন অন্ধ মায়ের অদৃশ্য সত্যের সন্ধান, তার লড়াই এবং সংগ্রামের বিষয়টি তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে তাপসীকে ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

‘গান্ধারী’ সিনেমায় তাপসী পান্নুর সঙ্গে আরও অভিনয় করেছেন ইশওয়াক সিং, জতিন শর্মা, স্বস্তিকা মুখার্জি, মিতা বশিষ্ঠ ও ছায়া কদম। সিনেমাটি আজ ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD